‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ সপ্তাহের উদ্বোধন করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এর আগে সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্ভাবনার ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। এ সময় পদকপ্রাপ্তদের মধ্য থেকে কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করেন। পরে প্রধানমন্ত্রী মেলা প্রাঙ্গণের বিভিন্ন প্রদর্শনী ও স্টল ঘুরে দেখেন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন স্থান পেয়েছে। এসব স্টলে প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্ভাবন, প্রযুক্তি, উৎপাদিত পণ্য ও সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।
বৃহস্পতিবার থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত রাজধানীসহ দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে। এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং রপ্তানি সম্ভাবনা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
এফপি/অ