চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে মোহাম্মদ টমাস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহত টমাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
নিহত টমাস শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লাম্বার টোলা গ্রামের মর্তুজার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের অনুসারী হিসেবেও পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনাকষা ইউনিয়নের চৌকা মাঠ এলাকায় মশিউর রহমান নামে এক ব্যক্তির ঘাসের জমিতে কয়েকজন ব্যক্তি ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই টমাসের মৃত্যু হয়। বিস্ফোরণে আরও তিনজন আহত হন।
স্থানীয় সূত্রের দাবি, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব ককটেল তৈরি করা হচ্ছিল। তবে এ দাবির বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, ককটেল বা বোমা বিস্ফোরণে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, বিনোদপুর ইউনিয়নে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস নামে একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।
এফপি/মিব