চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছনুয়া ইউনিয়ন শাখার সহসাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মানিক (২৪) নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার জয়নাল আবেদীন মানিকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ মোট সাতটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বাঁশখালীর বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে পুলিশের অভিযোগ। গ্রেপ্তার এড়াতে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাত মামলার আসামি জয়নাল আবেদীন মানিককে গ্রেপ্তার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাঁশখালী থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/মিব