রাস পূর্ণিমা উপলক্ষে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে পাঁচ দিনব্যাপী বার্ষিক উৎসব শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করা হয়। প্রতিবছর রাস পূর্ণিমা উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবের প্রথম দিন সকালে হাজারো ভক্তের অংশগ্রহণে সঙ্ঘের পতাকা উত্তোলন করা হয়। এরপর আশ্রম প্রাঙ্গণ থেকে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কাউখালী বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আশ্রম প্রাঙ্গণে ফিরে আসে।
অনুষ্ঠানের শুরুতে অনলাইনে যুক্ত হয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর উৎসবের উদ্বোধন করেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন আশ্রমের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকেরা জানান, পাঁচ দিনব্যাপী এ উৎসবে পুণ্যার্থী, ভক্ত ও দর্শনার্থী মিলিয়ে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। উৎসবটি সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক অংশগ্রহণে এবারের আয়োজন প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
এফপি/মিব