বর্ষা এলেই গ্রামের কাঁচা রাস্তায় কাদা-পানির দুর্ভোগ পোহাতে হয় মানুষকে। বর্ষা শেষ হলে সেই দুর্ভোগ কমবে, এমন প্রত্যাশা থাকে সবার। কিন্তু বর্ষা পেরিয়ে গেলেও দুর্ভোগ কমেনি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ও চানন্দী ইউনিয়নের মানুষের। কাদা-পানি ও অসংখ্য খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে আলী বাজারসংলগ্ন গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি। দীর্ঘদিনের এই ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে এবার সড়কের কাদাপানিতে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার হরণী ইউনিয়নের আলী বাজার ও বাজারসংলগ্ন মসজিদের সামনে সড়কের কাদাপানিতে ধানের চারা রোপণ করে এ প্রতিবাদ জানানো হয়। পরে স্থানীয়দের উদ্যোগে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় বাজারের ব্যবসায়ী, এলাকাবাসী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিরা অংশ নেন। এ সময় হাতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে সড়কটি দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন আলী বাজার বণিক কমিটির সাধারণ সম্পাদক জামসেদুল ইসলাম টুটুল, আল কুরআন একাডেমির প্রধান শিক্ষক মুফতি নুর ইসলাম এবং বাজারসংলগ্ন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান দুলালসহ স্থানীয় ব্যক্তিরা।
বক্তারা বলেন, আলী বাজার থেকে জলিল কমান্ডার বাজার পর্যন্ত সড়কের বিশেষ করে আলী বাজার ও মসজিদসংলগ্ন অংশ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। সড়কের বড় বড় গর্ত ও খানাখন্দে সামান্য বৃষ্টিতেই পানি জমে কাদার সৃষ্টি হয়। এতে পণ্যবাহী যানবাহন ও অটোরিকশা চলাচলে বিঘ্ন ঘটছে। ব্যাহত হচ্ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য। পাশাপাশি প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
তাঁরা আরও বলেন, সড়কের এমন বেহাল অবস্থার কারণে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী এবং মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি বিরাজ করলেও সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা স্থানীয় জনপ্রতিনিধিদের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। বারবার অভিযোগ জানিয়েও প্রতিকার না পাওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে।
একসময় যে সড়ক দিয়ে নির্বিঘ্নে চলাচলের কথা ছিল, সেটিই এখন এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের কাদাপানিতে ধানের চারা রোপণ করে স্থানীয়দের এই প্রতিবাদ দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার চিত্র তুলে ধরেছে। জনদুর্ভোগ লাঘব এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দ্রুত সড়কটির সংস্কার ও পাকাকরণকাজ শুরু করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এফপি/মিব