Dhaka, Wednesday | 25 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 25 November 2026 | English
শিরোনাম:

ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম  (ভিজিটর : ৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, নারী শিক্ষার প্রসারে ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি কার্যক্রম চালু করা হয়েছিল। নারীরা দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। তাঁদের পিছিয়ে রেখে দেশের সামগ্রিক অগ্রগতি ও উন্নয়ন সম্ভব নয়। তাই দেশকে এগিয়ে নিতে নারী শিক্ষার কোনো বিকল্প নেই।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না; শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, সাহস ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জে নিজের যোগ্যতা ও সাহস নিয়ে দাঁড়াতে হবে। ব্যর্থতার সময় অনেক আপনজনও পাশে থাকে না। তাই আত্মবিশ্বাসী হয়ে নির্ধারিত লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং প্রভাষক দিলীপ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক ড. মাহফুজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক ফজলে সোবহান শামীম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মো. আপ্তাব উদ্দিন মিয়া, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোক্তার হোসেন, বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সী ও সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং কলেজের শিক্ষার পরিবেশ আরও প্রাণবন্ত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রভাষক অজয় দাস কলেজের সার্বিক কার্যক্রম ও আয়োজনের বিস্তারিত তুলে ধরেন। পরে বিকেলে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাসের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝