‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামের হলরুমে ভার্চ্যুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি উদ্বোধন ঘোষণা করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন।
উপজেলা সমবায় কর্মকর্তা মাহাবুব হাসান শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিক আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খালেদ মাহমুদ তামিম, স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ থানার তদন্ত কর্মকর্তা সঞ্জয় মজুমদার এবং উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাপস কুমার ঘোষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও গ্রামীণ জনপদের উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত পশুপালন পদ্ধতি, খামারিদের প্রশিক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে প্রাণিসম্পদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশের রপ্তানি আয় বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এফপি/মিব