রংপুরের পীরগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. উৎপল চন্দ্র রায়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাকিল আহম্মেদ।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হাশেম আলী, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মাহমুদ পলাশ, বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ (রেসকিউস)-এর সদস্য নুর হাসান নাহিদ এবং খামারি সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, খামারি ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক বিতরণ করা হয়।
এফপি/মিব