রাজধানীর হাতিরঝিলে আগামী ২৮ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিডিয়া রান ২০২৬’। ‘রান ফর ক্লিন এয়ার’ স্লোগান সামনে রেখে লেখক, সাংবাদিক, শিল্পী, শোবিজ তারকাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীকে একত্রিত করে প্রথমবারের মতো এ আয়োজন করছে বি ওয়াই কমিউনিকেশন। ইতোমধ্যে প্রায় এক হাজার পেশাদার ও অপেশাদার দৌড়বিদ এতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মিডিয়া রান ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বি ওয়াই কমিউনিকেশনের প্রধান নির্বাহী ও রেস ডিরেক্টর বাবলী ইয়াসমিন বলেন, আগামী ২৮ নভেম্বর সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সাড়ে সাত কিলোমিটার দৌড় এবং দুই কিলোমিটার ফান রান শুরু হবে।
তিনি জানান, গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ, বাংলাদেশে অবস্থানরত কূটনীতিক এবং বিদেশি অপেশাদার দৌড়বিদরাও এ আয়োজনে অংশ নেবেন। আয়োজনকে আরও প্রাণবন্ত করতে থাকবেন ইনফ্লুয়েন্সার, গেস্ট রানার, রেস মার্শাল ও পেসাররা।
রেস মার্শাল হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দা ফারজানা জামান রুম্পা। পেসার হিসেবে থাকবেন মেহনোজ মুন্নী, মাহাদী হাসান ও বাতেন বিপ্লব। গেস্ট রানার হিসেবে অংশ নেবেন মামুনুল ইসলাম, জান্নাতুল মিতু ও শাহরিয়ার মোর্শেদ সিদ্দিকী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মিডিয়া রান ২০২৬-এর পরিচালক (অপারেশন) সাখাওয়াত সুমন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ছুটি গ্রুপের পরিচালক তামান্না মীম, স্টেপের জহিরুল ইসলাম এবং রংধনু গ্রুপের ফয়সাল।
বাবলী ইয়াসমিন বলেন, এ আয়োজন শুধু দৌড় প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটিকে একটি আনন্দঘন উৎসবে রূপ দিতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, মিডিয়া রান ২০২৬-এর টাইটেল স্পন্সর ছুটি গ্রুপ। পাওয়ারড বাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এ ছাড়া কো-স্পন্সর, এয়ারলাইনস পার্টনার, ফুটওয়্যার পার্টনারসহ বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করছে মুভ ইলেকট্রিক্যাল ভেহিকেল, এম্পোরিয়াম প্রপার্টিজ, স্বপ্নশহর, অতিথি গ্রুপ, স্টাইলিশ গার্মেন্টস, আজম ওভারসিজ, এসআরআই সল্ট, সামুদা, স্যাম বন্ড, ইউএস-বাংলা এয়ারলাইন্স, স্টেপ, সিআরডি নিউজ, ইউনিভার্সাল মেডিকেল, এনবিআই, ফুয়েল, সিক্সটি প্লাস, স্যাভলন ম্যান, স্কিন জোন, এরাবিকা কফি, কোটপিন বিডি, এম৩৬০ আইসিটি, রামাদা, ইউসিআর, স্পোর্টস বাংলা, ফ্যান্টাস্টিক হবি, এনার্জি, আপসাইট বাংলাদেশ, জার্সি লোগো, বাবলিস, ফেমাস ক্রিয়েশন ও স্টার নিউজসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।
এফপি/মিব