Dhaka, Wednesday | 25 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 25 November 2026 | English
শিরোনাম:

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ের স্বচ্ছতায় সাত দিনের ট্রাফিক সার্ভে

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৫৩ পিএম আপডেট: ২৫.১১.২০২৬ ৭:৫৭ পিএম  (ভিজিটর : ১৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে স্বচ্ছতা, নির্ভুলতা ও জবাবদিহি নিশ্চিত করতে সাত দিনব্যাপী ট্রাফিক সার্ভে পরিচালনা করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সার্ভে শেষে প্রাপ্ত তথ্য ও প্রতিবেদন জনসাধারণের জন্য প্রকাশ করা হবে। বুধবার (২৫ নভেম্বর) সেতু ভবনে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ঝু শিন ও ঝাং হাইফেংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায় ব্যবস্থাপনা, দ্রুত ইলেকট্রনিক টোল কালেকশন সফটওয়্যার স্থাপন, যানবাহন চলাচলের তথ্য সংরক্ষণ এবং প্রকল্পের অসমাপ্ত কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, গত মঙ্গলবার থেকে সাত দিনব্যাপী ট্রাফিক সার্ভে কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম শেষ হলে সার্ভে প্রতিবেদন অনুযায়ী টোল আদায়ের তথ্য জনসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হবে।

বৈঠকে সেতু বিভাগের সচিব প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে সোনারগাঁওয়ের EN-2 র‍্যাম্পের নির্মাণকাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এ ছাড়া যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং টোল আদায়ের তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে অটোমেটিক লুপ কাউন্টার স্থাপনের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়। আধুনিক ও প্রযুক্তিনির্ভর টোল ব্যবস্থাপনা নিশ্চিত করতে ইলেকট্রনিক টোল কালেকশন পদ্ধতি দ্রুত চালুর বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়।

বৈঠকে সেতু বিভাগের সচিব বলেন, টোল আদায়ের তথ্য প্রকাশের মাধ্যমে জনসাধারণের তথ্যপ্রাপ্তি সহজ হবে। একই সঙ্গে প্রকল্পের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও জোরদার হবে। তিনি আরও বলেন, প্রকল্পের নির্মাণকাজ চলাকালে শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বৈঠকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান FDEE Company Limited-এর প্রতিনিধিরা, প্রকল্প মনিটরিং টিমের আহ্বায়ক ও সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন), ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝