Dhaka, Wednesday | 25 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 25 November 2026 | English
শিরোনাম:

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে কর্মসংস্থান ব্যাংক

৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা, ঋণ পেলেন ১ হাজার ৫৪৪ উদ্যোক্তা

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:০৭ পিএম আপডেট: ২৫.১১.২০২৬ ৮:২২ পিএম  (ভিজিটর : ৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ১ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি চালু করেছে কর্মসংস্থান ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ‘বাংলাদেশ ব্যাংক মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচি-২০২৬’ শীর্ষক এ কর্মসূচির আওতায় ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় কর্মসংস্থান ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান। এ সময় ছয়জন উদ্যোক্তার হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ও কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ড. মোহাম্মদ জাকারিয়া, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য তালুকদার সালাহউদ্দিন আহমদ এবং কর্মসংস্থান ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পারভীন আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে ড. এ এফ এম মতিউর রহমান বলেন, দেশের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংক সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ সহায়তা অব্যাহত রাখবে বলে তিনি আশা করেন। এর মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা তৈরি হবে, উৎপাদন বাড়বে এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ঋণ বিতরণের পরিমাণ সন্তোষজনক পর্যায়ে রাখতে হবে। একই সঙ্গে প্রকৃত উদ্যোক্তা ও উপযুক্ত ব্যক্তিদের কাছে ঋণের অর্থ পৌঁছানো নিশ্চিত করতে হবে। দক্ষ ও অভিজ্ঞ উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টিমূলক সম্ভাবনাময় প্রকল্পে ঋণের অর্থ ব্যবহার করতে হবে।

তিনি আরও বলেন, ঋণের অর্থ যাতে নির্ধারিত খাতের বাইরে অন্য কোনো কাজে ব্যবহার না হয়, সে জন্য কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঋণ আদায়ের বিষয়েও যথাযথ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠার মূল লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখছে। এ ব্যাংকের মাধ্যমে ঋণ সহায়তার পরিমাণ বাড়ানো গেলে যুবসমাজের উৎপাদনশীলতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পারভীন আক্তার বলেন, কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য বাস্তবায়নে উৎপাদনশীল খাতগুলোতে ঋণ সহায়তা দিয়ে যাচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জানানো হয়, এ কর্মসূচির আওতায় দেশের ২৯০টি শাখার মাধ্যমে একযোগে ১ হাজার ৫৪৪ জন উদ্যোক্তার মধ্যে মোট ৩৩ কোটি টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে। ১ হাজার কোটি টাকা ঋণ বিতরণের মাধ্যমে ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের গঠিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ থেকে কর্মসংস্থান ব্যাংকের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝