বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বিএডিসির সদর দপ্তর কৃষি ভবনের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিএডিসির বিভিন্ন উইং ও বিভাগের প্রধান, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম বলেন, কৃষি ও কৃষি উৎপাদন ব্যবস্থার সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত বিএডিসি দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। কৃষি উৎপাদনে কৃষকের অত্যাবশ্যকীয় উপকরণ—উচ্চমানসম্পন্ন বীজ, নন-ইউরিয়া সার ও সেচসুবিধা কার্যকরভাবে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিয়ে বিএডিসি একটি আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মপরিধিও ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। অনুমোদিত জনবলের তুলনায় অর্ধেকেরও কম জনবল নিয়ে প্রতি অর্থবছরের নির্ধারিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে এটি একটি উল্লেখযোগ্য অর্জনও।
বিদায়ী চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের আধুনিক ও স্মার্ট কৃষিব্যবস্থা উন্নয়নে বিএডিসির মাধ্যমে গৃহীত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে খাল খনন ও পুনঃখনন, সময়মতো সার সরবরাহ, প্রথমবারের মতো পেঁয়াজবীজ উৎপাদন এবং পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে নেওয়া কার্যক্রম বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারত্বের পরিচয় দিয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এফপি/মিব