প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৩ পিএম (ভিজিটর : ১০)
সংগৃহীত ছবি
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টার দিকে আট জেলেসহ একটি ফিশিং বোট সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ আহরণের সময় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বোটের এক জেলে মালিককে ফোন করে বিষয়টি জানান। এরপর বোট মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে গভীর সমুদ্র থেকে বিকল বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। পরে বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।