মুন্সীগঞ্জের গজারিয়ায় রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে মাদক বিক্রির অভিযোগে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক তিনজনই ওই রেস্টুরেন্ট পরিচালনার সঙ্গে জড়িত।বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় মর্নিংসান হাইওয়ে রেস্তোরা অ্যান্ড হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ভাটিবন্দর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে আব্দুল কাদির (৪৫), কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই গ্রামের মৃত আবু মিয়ার ছেলে মিজান (৪০) এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল সলিমপুর গ্রামের আব্দুর রউফের ছেলে আলম (২৬)।
স্থানীয়দের অভিযোগ, ওই রেস্টুরেন্টে বেশ কিছুদিন ধরে ব্যবসার আড়ালে মাদক বিক্রি করা হচ্ছিল। বুধবার দুপুরে স্থানীয়রা সেখানে মাদক বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেন। এ সময় একটি স্টিলের বাক্স পাওয়া যায়। পরে বাক্সটি খুলে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায় বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গাঁজাসহ হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তেতৈতলা গ্রামের মৃত মনসুর আলীর ছেলে মোহাম্মদ আলীর কাছ থেকে রেস্টুরেন্টটি ভাড়া নিয়ে কয়েকজন মিলে পরিচালনা করছিলেন। স্থানীয়দের অভিযোগ, পরিচালনাকারীরা দীর্ঘদিন ধরে আগত গ্রাহক ও যানবাহন চালকদের কাছে কৌশলে মাদক বিক্রি করে আসছিলেন।
গজারিয়া থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে তিনজনের কাছ থেকে একটি স্টিলের বাক্স উদ্ধার করা হয়। বাক্সটি খুলে গাঁজা পাওয়া যায়। আটক ব্যক্তিদের থানায় নেওয়া হচ্ছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গাঁজাসহ তিনজন আটকের বিষয়টি তিনি শুনেছেন। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
এফপি/র