Dhaka, Wednesday | 23 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 23 September 2026 | English
শিরোনাম:

শিক্ষার মান বাড়াতে আগে শিক্ষকের মর্যাদা নিশ্চিত করতে হবে: সাকি

প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪০ পিএম  (ভিজিটর : ১৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিক্ষার মান উন্নত করতে হলে আগে শিক্ষকদের মর্যাদা, সম্মানজনক পারিশ্রমিক ও প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মাওলাগঞ্জ অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

জোনায়েদ সাকি বলেন, “শিক্ষার মান ভালো করতে হলে শিক্ষকের মান আগে ভালো হতে হবে। ভালো শিক্ষক ছাড়া ভালো শিক্ষা দেওয়া সম্ভব নয়। তাই শিক্ষকের মর্যাদা, সম্মানজনকভাবে বেঁচে থাকার মতো পারিশ্রমিক এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, শিক্ষার্থীদের পুষ্টির বিষয়টি বিবেচনায় নিয়ে স্কুলগুলোতে পর্যায়ক্রমে মিড-ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির ব্যবস্থাও নিশ্চিত করা প্রয়োজন।

“বাঞ্ছারামপুরের ১৩১টি স্কুলে আমরা বিশুদ্ধ পানির ফিল্টারের ব্যবস্থা করেছি। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি স্কুলে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে,” বলেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি বিদ্যালয়ের খেলার মাঠ, সীমানা ও অন্যান্য সমস্যা চিহ্নিত করে ধীরে ধীরে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীরা যাতে আনন্দের সঙ্গে শিক্ষা নিতে পারে, সেটিও সরকারের গুরুত্বপূর্ণ লক্ষ্য।

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধের ওপরও গুরুত্ব দেন তিনি। জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের প্রত্যেক শিশুকে শিক্ষার আওতায় এনে ১২তম শ্রেণি পর্যন্ত মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কর্মজীবনে প্রবেশের আগে শিক্ষার্থীদের কোনো না কোনো বিশেষ প্রশিক্ষণ বা দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা প্রয়োজন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও শিক্ষা উপকরণ দেওয়া হয়। এর মধ্যে ২৬০ জন ছাত্রীকে বাইসাইকেল, জিপিএ-৫ পাওয়া ১১০ শিক্ষার্থীকে সংবর্ধনা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পানি বিশুদ্ধকরণ ফিল্টার, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী এবং সহস্রাধিক গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান সঞ্চালনা করেন। বিশেষ অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক একেএম মূসা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রবিউল হাসান ভূঁইয়া এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মূসাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এফপি/র


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝