কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার আসামি মোজাম্মেল হোসেন ফাহাদের ছবি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ছবিতে থাকা ব্যক্তি ফাহাদ নন। তাঁর নাম মিনহাজুল ইসলাম মাহিম।
অপ্রতিম হত্যা মামলায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন সাইফুল ইসলাম তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়াম। মামলায় গ্রেপ্তার তিন আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আইফোন ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে অপ্রতিমকে হত্যা করা হয়। তদন্তে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে।
অপ্রতিমের মা ড. নাহিদা বেগম ভারপ্রাপ্ত প্রক্টর থাকাকালে মাদকের বিরুদ্ধে পরিচালিত একটি অভিযানের বিষয়ও ঘটনার পর আলোচনায় এসেছে। জানা যায়, গত বছরের ৬ ফেব্রুয়ারি প্রক্টরিয়াল টিমের অভিযানে মাহিম সহ মোট ৭ কিশোরকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছিল। পরে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
ছড়িয়ে পড়া ছবিতে দাবী করা হয় তাদের বিরুদ্ধে অভিযান চালানোর কারণেই পরিকল্পনা করে হত্যা করা হয় অপ্রতিমকে।
তবে এ ছবির ব্যক্তির সঙ্গে অপ্রতিম হত্যা মামলার আসামি ফাহাদের পরিচয়ের কোনো মিল পাওয়া যায়নি। অনুসন্ধানে জানা গেছে‚ ছবির ওই ব্যক্তির নাম মিনহাজুল ইসলাম মাহিম। তিনি কুমিল্লার গাবতলী-বেবিস্ট্যান্ড এলাকার বাসিন্দা।
মাহিমের বাড়িতে গিয়ে কথা বললে সে জানায়‚ “সেদিন ম্যাম সহ আরো কয়েকজন আমাদেরকে ধরেছিলো। পরে আমাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছিলো। তখনো এসএসসি পরীক্ষা দেইনি। ঐ নিউজটা আবার ছড়াচ্ছে আমার ছবি দিয়ে। ছবির ছেলেটি আমি। কোন ফাহিম না ফাহাদ না। এমনকি অভিযুক্ত যারা তুহিন, ফাহাদ, সিয়াম ওদের সাথে আমার কোন কন্ট্রাক্টও নাই।”
ফলে‚ অপ্রতিম হত্যা মামলার আসামি ফাহাদ হিসেবে মাহিমের ছবি প্রচার করা সঠিক নয়।
এফপি/অ