রাজধানীতে ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ আকস্মিক দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবকদের কাজে লাগাতে আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিসের মধ্যে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার ঢাকার খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
বৈঠকে রাজধানীর ওয়ার্ড, জোন ও থানা এলাকাভিত্তিক প্রশিক্ষিত টিডিপি স্বেচ্ছাসেবকদের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা এবং তাদের প্রশিক্ষণ ও মোতায়েন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আনসার-ভিডিপির স্বেচ্ছাসেবক নেটওয়ার্ককে ফায়ার সার্ভিসের সক্ষমতার সঙ্গে সমন্বিতভাবে কাজে লাগানোর সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।
আনসার-ভিডিপির ডিজিটাল ডাটাবেজে থাকা প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের দুর্যোগের সময় প্রথম সাড়াদানকারী হিসেবে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। তারা দ্রুত সাড়া দেওয়ার পাশাপাশি উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ ও মানবিক পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে পারবেন।
বৈঠকে প্রস্তাবিত এক লাখ টিডিপি স্বেচ্ছাসেবী সদস্যকে আনসার-ভিডিপির মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও অন্যান্য আকস্মিক দুর্যোগ মোকাবিলায় বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়ার রূপরেখা নিয়েও আলোচনা হয়। এর মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও অগ্নিনির্বাপণসহ জরুরি পরিস্থিতিতে দুই বাহিনীর সমন্বিতভাবে কাজ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। মাঠপর্যায়ে পেশাদারিত্ব বাড়াতে প্রশিক্ষণ সহায়তা ও কৌশলগত তথ্য আদান-প্রদানের বিষয়েও আলোচনা করেন দুই বাহিনীর মহাপরিচালক।
ভবিষ্যতে জাতীয় সংকট ও মানবিক দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এফপি/অ