Dhaka, Sunday | 20 September 2026
         
English Edition
   
Epaper | Sunday | 20 September 2026 | English
শিরোনাম:

ভারী বৃষ্টিতে ডুবেছে রাজধানীর বিভিন্ন সড়ক, চরম দুর্ভোগে নগরবাসী

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৬ পিএম  (ভিজিটর : ২৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমে যান চলাচল ব্যাহত হয়েছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ নগরবাসীকে দুর্ভোগে পড়তে হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় দমকা বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় কয়েক দফা বজ্রপাতও হয়। পরে বাতাসের তীব্রতা কমলেও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকে।

ভারী বৃষ্টিতে গ্রিন রোড, নায়েম রোড, মুগদা, খিলগাঁও, সবুজবাগ, গোড়ান, মানিকনগর, তালতলা, মতিঝিল, মালিবাগ, আরামবাগ, গুলিস্তান, পল্টন ও নিউমার্কেটসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। বকশীবাজার, নিউমার্কেট ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকার বিভিন্ন সড়কও পানিতে তলিয়ে যায়।

নিউমার্কেটের ব্যবসায়িক এলাকায় অনেক দোকানে পানি ঢুকে পড়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

আরামবাগ মোড় থেকে ফকিরাপুল ও কাকরাইল সড়কের বিভিন্ন অংশে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। এতে যান চলাচল ব্যাহত হয়। মালিবাগে প্রধান সড়ক ও ফুটপাত ছাপিয়ে পানি বিভিন্ন দোকানেও ঢুকে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নালা-নর্দমায় ময়লা জমে থাকা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই প্রতিবছর বর্ষা মৌসুমে এ ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়।

জলাবদ্ধতার কারণে রিকশা ও গণপরিবহন চলাচলেও বিঘ্ন ঘটে। অনেক যাত্রীকে দীর্ঘ সময় যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হন।

এফপি/অ



সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝