Dhaka, Wednesday | 23 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 23 September 2026 | English
শিরোনাম:

শাহজালালের ভাইরাল ভিডিও ঘিরে রহস্য, সিসিটিভিতে মিলল আগের দৃশ্য

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৬ পিএম  (ভিজিটর : ২৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ৫২ মিনিটে ক্যানোপি-২ এক্সিট গেট এলাকায় ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন আগমনী যাত্রীকে নিতে আসা এক ব্যক্তি নির্ধারিত এক্সিট গেট দিয়ে বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় কর্তব্যরত আনসার সদস্যরা নিরাপত্তা প্রটোকল অনুযায়ী তাকে বাধা দেন।

বেবিচকের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তি একাধিকবার প্রবেশের চেষ্টা করলে আরেকজন আনসার সদস্য তাকে নিবৃত্ত করতে এগিয়ে যান। এ সময় তিনি ভারসাম্য হারিয়ে পড়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উপস্থিত কয়েকজনের সঙ্গে আনসার সদস্যদের ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ঘটনার একটি অংশমাত্র। তবে সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাপ্রবাহ দেখা গেছে, যেখানে নিরাপত্তাকর্মীদের বারবার প্রবেশের চেষ্টা ঠেকানোর বিষয়টি স্পষ্ট হয়েছে।

বেবিচক আরও জানায়, আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নির্ধারিত প্রবেশ ও বহির্গমন ব্যবস্থা অনুসরণ করা সবার দায়িত্ব। পাশাপাশি কোনো ঘটনার আংশিক ভিডিও বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সংস্থাটি বলেছে, যাত্রীসেবা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে এবং বিমানবন্দর ব্যবহারকারীদের দায়িত্বশীল ও সহযোগিতামূলক আচরণ প্রত্যাশা করছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝