Dhaka, Tuesday | 22 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 22 September 2026 | English
শিরোনাম:

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নারী-শিশুসহ নিহত ২

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৮ পিএম  (ভিজিটর : ৩৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় একটি নৌকা ডুবে এক নারী ও এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৮ বাংলাদেশি ও ৮ রোহিঙ্গাসহ ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এখনো এক নারী নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিয়ানমার থেকে সাগরপথে বাংলাদেশে প্রবেশের সময় নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে নৌকায় থাকা ১৬ জনকে জীবিত উদ্ধার করেন। পরে তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

ওসি জানান, উদ্ধার অভিযানে এক নারী ও এক শিশুর মরদেহ পাওয়া গেছে। এ ছাড়া আরও এক নারী নিখোঁজ রয়েছেন। তাঁর সন্ধানে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, প্রায় এক বছর আগে তাঁরা বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন। পরে সাগরপথে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।

ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নৌকাটি কী কারণে ডুবে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত দালালদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝