Dhaka, Wednesday | 23 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 23 September 2026 | English
শিরোনাম:

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৫ পিএম  (ভিজিটর : ১৫)

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ-জীবাণু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ ও এর আশপাশে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ রাজবাড়ীর উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ কার্যক্রম শুরু হয়।

অভিযান চলাকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা শাখার যুব সদস্যরা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ও বাইরের চত্বর, ড্রেন এবং আঙিনায় জমা থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা শাখার চেয়ারম্যান মো. আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটির সহ সভাপতি মনজুরুল আলম দুলাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসানসহ রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের একঝাঁক স্বেচ্ছাসেবক।

অভিযান পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক ও রেড ক্রিসেন্ট রাজবাড়ী জেলা শাখার চেয়ারম্যান মো. আব্দুস সালাম মিয়া বলেন, “আমাদের সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা খুবই কম, ফলে দ্রুত ময়লা জমে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। হাসপাতালের জনবল সংকট বিবেচনায় আমরা নিজস্ব উদ্যোগেই এই পরিচ্ছন্নতা কার্যক্রমের হাত দিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজবাড়ীর জেলা সদর হাসপাতালসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুব রেড ক্রিসেন্টের সদস্যদের মাধ্যমে এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে।”

রেড ক্রিসেন্ট সোসাইটির রাজবাড়ী জেলা শাখার সহ সভাপতি মো. মনজুর আলম দুলাল বলেন, “রেড ক্রিসেন্ট সবসময় মানবিক ও সমাজসেবামূলক কাজে সামনের সারিতে থাকে। হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মীর সংকটের কথা বিবেচনা করেই আজকের এই উদ্যোগ। আমরা আশা করি হাসপাতাল কর্তৃপক্ষ এখন থেকে নিয়মিত এটি বজায় রাখবে। প্রয়োজনে প্রতি বছরই আমরা এ ধরণের অভিযান পরিচালনা করতে প্রস্তুত।”

পরিচ্ছন্নতা অভিযানকে সাধুবাদ জানিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান বলেন, “প্রতিদিন এই হাসপাতালে গড়ে ১,০০০ থেকে ১,৫০০ রোগী চিকিৎসা নিতে আসেন। সেই তুলনায় আমাদের পরিচ্ছন্নতা কর্মী অত্যন্ত অপ্রতুল। আমরা ভেতরের পরিবেশ পরিষ্কার রাখার সর্বোচ্চ চেষ্টা করলেও বাইরে জনবল সংকটে কাজ বাধাগ্রস্ত হয়। রাজবাড়ী জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সোসাইটির এই যৌথ উদ্যোগ আমাদের জন্য অনেক বড় সহায় হয়ে দাঁড়িয়েছে।”

স্বেচ্ছাসেবীদের এই উদ্যমী কার্যক্রম স্থানীয় রোগী ও সাধারণ দর্শনার্থীদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে। পরিবেশ পরিচ্ছন্ন রেখে ডেঙ্গুমুক্ত সুস্থ বাংলাদেশ গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝