নীলফামারীর ডোমারে পাঁচটি অবৈধ মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওজনে কম তেল দেওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার জোড়াবাড়ী, কেতকীবাড়ী, গোমনাতি ও বোড়াগাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), রংপুর।
অভিযানে নেতৃত্ব দেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। এ সময় বিএসটিআইয়ের রংপুর কার্যালয়ের পরিদর্শক আহসান হাবীব এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা গেছে, কয়েকটি মিনি পেট্রোল পাম্পে প্রতি ১০ লিটার তেল বিক্রির ক্ষেত্রে এক থেকে দেড় লিটার পর্যন্ত কম দেওয়া হচ্ছিল। এভাবে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছিল প্রতিষ্ঠানগুলো।
অভিযানে জোড়াবাড়ী ইউনিয়নের কলেজসংলগ্ন এলাকার বিসমিল্লাহ মিনি পেট্রোল পাম্পকে ৩০ হাজার টাকা, কেতকীবাড়ী ইউনিয়নের কাজীরহাট বাজারের সানভি মিনি পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা, গোমনাতি ইউনিয়নের আমবাড়ী বাজারের আতিক মিনি পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা এবং বোড়াগাড়ী বাজারের স্বপন ও সাবিত্রি মিনি পেট্রোল পাম্পকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পাঁচটি প্রতিষ্ঠানের মোট জরিমানার পরিমাণ ৯০ হাজার টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, ডোমারে বিভিন্ন স্থানে অবৈধভাবে মিনি পেট্রোল পাম্প স্থাপন করে কিছু অসাধু ব্যবসায়ী গ্রাহকদের কম তেল দিয়ে অতিরিক্ত মুনাফা অর্জন করছেন। এসব পাম্পের কার্যক্রম শুধু প্রতারণামূলকই নয়, নিরাপত্তার দিক থেকেও ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
তিনি আরও বলেন, অবৈধ এসব মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বন্ধ না করা হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এফপি/মিব