মুন্সীগঞ্জের শ্রীনগরে দুটি বিদেশি পিস্তল, একটি পাইপগান ও গুলিসহ বিকাশ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় ‘বিকাশ বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার বাঘড়া ইউনিয়নে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, পিস্তলের তিন রাউন্ড গুলি এবং শটগানের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকাশের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে প্রায় ২০টি মামলা রয়েছে। বাঘড়া এলাকায় একাধিক গুলির ঘটনা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তাঁর নেতৃত্বাধীন ‘বিকাশ বাহিনী’র বিরুদ্ধে। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
এফপি/মিব