Dhaka, Tuesday | 17 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 17 November 2026 | English
শিরোনাম:

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে আজ

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:৩০ এএম  (ভিজিটর : ২৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘ অপেক্ষা আর হাজারো পরীক্ষানিরীক্ষার পর অবশেষে জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ। আজ বিকালের দিকে কেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। 

এ প্রকল্পের সঙ্গে জড়িত একাধিক কর্মকর্তা জানান, প্রথম ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। এতে চার থেকে ছয় ঘণ্টা যুক্ত থাকার পর সবকিছু ঠিক আছে কি না তা বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) কাছে জানতে চাওয়া হবে। এরপর আবার বিদ্যুৎকেন্দ্রটি শাটডাউন করে দেওয়া হবে। এরপর প্রয়োজনীয় পরীক্ষা করা হবে এবং সবকিছু ঠিক থাকলে বায়রার চূড়ান্ত অনুমোদনের পর পুনরায় গ্রিডে যুক্ত করা হবে রূপপুরের বিদ্যুৎ। 

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের একজন দায়িত্বশীল সূত্র গত রাতে বলেন, ‘গত সোমবারই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে এটি আগামীকাল (মঙ্গলবার) বিকালের দিকে জাতীয় গ্রিডে যুক্ত করা হতে পারে।’ 

তিনি বলেন, ‘মূলত গ্রিডে এ বিদ্যুৎ সরবরাহের পর কোনো সমস্যা হয় কি না তা পর্যবেক্ষণ করা হবে। সমস্যা না থাকলে বায়রার কাছে পরবর্তী ধাপের জন্য অনুমোদন চাওয়া হবে। এর পরই কেন্দ্রটি শাটডাউন করে দেওয়া হবে।’ 

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশের দায়িত্বশীল সূত্র রবিবার বলেন, আমরা এখন যে স্টেজে আছি সেখানে টারবাইনের ভাইব্রেশন পরীক্ষা করা হবে। বিদ্যুৎ তৈরির জন্য যেসব প্রিলিমিনারি পরীক্ষা আছে সেগুলো চলমান আছে। এগুলো শেষ হলেই সাধারণত কেন্দ্রটিকে গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়। অর্থাৎ রূপপুর এখন গ্রিড সিনক্রোনাইজেশনের পর্যায়ে আছে। এ পরীক্ষাগুলো সফলভাবে হলেই গ্রিড সিনক্রোনাইজেশনে যাওয়া হবে। গ্রিড সিনক্রোনাইজেশনের ক্ষেত্রে কেন্দ্রের ৩০ শতাংশ (৩০০ মেগাওয়াট) বা তার বেশি বিদ্যুৎ উৎপাদন করতে হবে। সিনক্রোনাইজেশনের পর ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদন করা হবে। সাধারণত প্রথম ইউনিটের বিদ্যুৎ পুরোপুরি জাতীয় গ্রিডে দিতে সাত থেকে আট মাস লাগবে। কিন্তু রূপপুরের প্রকল্প অগ্রগতি অনুযায়ী এটি আরও দ্রুত হবে বলে ধারণা করা হচ্ছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝