Dhaka, Friday | 13 November 2026
         
English Edition
   
Epaper | Friday | 13 November 2026 | English
শিরোনাম:

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:২২ পিএম  (ভিজিটর : ৪৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা নতুন করে ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। এ জন্য মন-মানসিকতারও পরিবর্তন দরকার। দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্রে অধ্যয়ন করেন এবং এ খাতে সরকারের যথেষ্ট বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জটিলতা তৈরি হয়েছে যে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দাঁতের চিকিৎসার ব্যয় অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষের পক্ষে তা বহন করা সম্ভব হয় না।

সরকারি হাসপাতালগুলোর চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, অধিকাংশ সরকারি হাসপাতালে প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ে অনেক জায়গায় চিকিৎসকের সংকট প্রকট। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে অপ্রশিক্ষিত চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছেন।

এ পরিস্থিতি মোকাবিলায় প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্তসংখ্যক চিকিৎসক নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে চিকিৎসাসেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অনেক তরুণ চিকিৎসক পাস করার পর গ্রামে যেতে চান না। কেউ কেউ গেলেও কিছুদিন পর প্রশিক্ষণ কিংবা অন্য কাজের অজুহাতে সেখান থেকে চলে যান। এ মানসিকতার পরিবর্তন প্রয়োজন।

স্বাস্থ্য খাতের বিভিন্ন অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে খুব সহজেই বিদ্যমান পরিস্থিতির পরিবর্তন সম্ভব।

এ সময় পেশাজীবীদের সংগঠনগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণ করা উচিত নয়। এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হলে বিদ্যমান সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংগঠনগুলোর নেতৃত্ব ও কার্যক্রমে সবকিছু পরিবর্তন হয়ে যাওয়ার প্রবণতাও বন্ধ হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। এই ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশে একটি সার্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

আন্তর্জাতিক এ সম্মেলনের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে। পাশাপাশি দেশের ডেন্টাল সার্জনদের পেশাগত উন্নয়ন ও ডেন্টাল স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি সংগঠনটির স্মারকগ্রন্থ (স্যুভেনির) উন্মোচন করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন।

বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ডা. মো. আলমগীর কবির। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝