গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ১৯ নভেম্বরের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে জেলার নিরাপত্তাব্যবস্থা জোরদারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনায় মোতায়েন করা প্রশিক্ষিত আনসার ব্যাটালিয়ন সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, প্রধান সড়ক-মহাসড়ক এবং স্পর্শকাতর এলাকাগুলোতে দায়িত্ব পালন করবেন।
গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা, সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিরোধ এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল বজায় রাখতে সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা প্রস্তুত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, এর আগে গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়। বর্তমানে গাজীপুরে ৬ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর পয়েন্টের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।
গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ মোতায়েন কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জননিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এফপি/মিব