শেরপুরের নালিতাবাড়ীতে প্যাকেটের গায়ে উল্লেখিত নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বীজ ধান বিক্রির দায়ে সাহা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) নালিতাবাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক।
অভিযান সূত্রে জানা যায়, বাজারে বীজ ধানের প্যাকেটে উল্লেখিত নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে এ অপরাধে সাহা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় বাজারের অন্যান্য বীজ বিক্রেতাদেরও প্যাকেটে উল্লেখিত নির্ধারিত মূল্যে বীজ ধান বিক্রির নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা মো. মশিউর রহমান এবং নালিতাবাড়ী থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এফপি/মিব