Dhaka, Tuesday | 17 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 17 November 2026 | English
শিরোনাম:

সুন্দরবন ও উপকূল রক্ষায় মোংলায় মানববন্ধন ও সমাবেশ

সুন্দরবন ও উপকূল রক্ষায় ঋণ নয়, ক্ষতিপূরণ চান পরিবেশকর্মীরা

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩৪ পিএম  (ভিজিটর : ৪৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও উপকূল রক্ষার দাবি জানিয়েছেন পরিবেশকর্মী, জেলে ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও লবণাক্ততা বৃদ্ধির কারণে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের প্রাণ-প্রকৃতি মারাত্মক হুমকির মুখে পড়েছে। সুন্দরবন রক্ষা, জলবায়ু ক্ষতিপূরণ, সুপেয় পানির নিশ্চয়তা এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তাঁরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মোংলার কানাইনগর এলাকায় পশুর নদের চরে আয়োজিত মানববন্ধন, মিছিল ও সমাবেশে বক্তারা এসব দাবি জানান।

বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স, পশুর রিভার ওয়াটারকিপার, ক্লাইমেট অ্যাকশন ফোরাম, উদয়ন যুবসংঘ, আশা হফনুং ও সৈয়দ শাকিল ট্রাস্ট যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

সকাল ১১টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ক্লাইমেট অ্যাকশন ফোরাম মোংলার সভাপতি ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।

সমাবেশে বক্তব্য দেন উদয়ন যুবসংঘের সভাপতি এস এম জানে আলম বাবু, ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, সুন্দরবন রক্ষায় আমরা সংগঠনের মেহেদী হাসান, জলবায়ু উদ্বাস্তু নারী ফারজানা বেগম এবং লিডার্সের বদরুন্নেসা মিলি।

সভাপতির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, এটি সমগ্র এশিয়ার ফুসফুস। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়েছে। সুন্দরবনবিনাশী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ ঘটাতে হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে উপকূলের মানুষকে রক্ষা করতে হবে। সুন্দরবনের বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নিতে হবে। জলবায়ু সংকট মোকাবিলায় অনুদানের পরিবর্তে ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল ১০ লক্ষাধিক বনজীবী ও জেলের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। লবণাক্ততা বেড়েছে। কয়লা ও শিল্পদূষণের কারণে নদ-নদীতে মাছের প্রাপ্যতা কমে যাচ্ছে। সুপেয় পানির সংকটও প্রকট হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বাড়ায় সুন্দরবনের প্রাণ-প্রকৃতি এবং জেলে, বাওয়ালি ও মৌয়ালিসহ উপকূলীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তাই দয়া বা অনুকম্পা নয়, উন্নত বিশ্বের কাছে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দাবি করছি।

জলবায়ু উদ্বাস্তু নারী ফারজানা বেগম বলেন, লবণাক্ততা বৃদ্ধির কারণে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এতে নারী ও শিশুর স্বাস্থ্য সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। দীর্ঘদিন লবণাক্ত পানি ব্যবহারের ফলে উপকূলীয় নারীরা নানা ধরনের প্রজনন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

তিনি আসন্ন কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে উপকূলীয় অঞ্চলের নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিঃশর্ত অর্থায়নের দাবি জানান।

সমাবেশে বক্তারা আরও বলেন, বাংলাদেশ বৈশ্বিক কার্বন নিঃসরণে ০.৫ শতাংশেরও কম অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের শিকার হচ্ছে। অথচ জলবায়ু তহবিলের বড় একটি অংশ ঋণ হিসেবে দেওয়া হয়। তাঁরা ঋণের পরিবর্তে ক্ষতিপূরণ, ন্যায্য জ্বালানি রূপান্তর, সুপেয় পানির নিশ্চয়তা, জলবায়ু সহনশীল খাদ্য উৎপাদন এবং শতভাগ নবায়নযোগ্য জ্বালানিনির্ভর খাদ্যব্যবস্থা গড়ে তোলার দাবি জানান।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সুন্দরবন উপকূলীয় জনপদকে রক্ষা করে। তাই সুন্দরবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি উপকূলীয় মানুষের জীবন-জীবিকা ও স্বাস্থ্য সুরক্ষায় সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝