শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুরে আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হচ্ছে। নতুন এই ৮ প্লাটুনসহ জেলায় মোট ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখা, সড়ক-মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করা, জনসাধারণের জানমালের নিরাপত্তা এবং শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ বজায় রাখাই এ মোতায়েনের মূল লক্ষ্য।
এর আগে গত ৪ নভেম্বর থেকে গাজীপুরে ৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়। তাঁরা সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। চলমান পরিস্থিতি পর্যালোচনা করে নিরাপত্তা কার্যক্রম আরও সম্প্রসারণের অংশ হিসেবে নতুন করে ৮ প্লাটুন সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এসব আনসার সদস্য সংঘবদ্ধ সহিংসতা, মব-সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে দায়িত্ব পালন করবেন। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ শিল্পকারখানা ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাও তাঁদের দায়িত্বের অন্তর্ভুক্ত থাকবে।
জেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, শিল্পকারখানা, প্রধান সড়ক-মহাসড়ক ও স্পর্শকাতর এলাকায় তাঁদের মোতায়েন করা হবে। পাশাপাশি সড়ক অবরোধ, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জনজীবনে বিঘ্ন ঘটানোর অপচেষ্টা প্রতিরোধে তাঁরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রীয় সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় করে কাজ করবেন।
উল্লেখ্য, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এর আগে নারায়ণগঞ্জে ৪ প্লাটুন এবং গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর স্থানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশের শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা, রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিশেষ প্রশিক্ষণ, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে যেকোনো সংকটময় পরিস্থিতি মোকাবিলায় তাঁরা প্রস্তুত রয়েছেন।
এফপি/মিব