নওগাঁর মান্দায় পুকুরের ভাঙনে ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ। মাঠের পশ্চিম পাশের একটি গভীর পুকুরের পাড় ভেঙে ইতোমধ্যে মাঠের বেশ কিছু অংশ পুকুরে বিলীন হয়ে গেছে। এতে শিক্ষার্থীরা খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির নতুন একাডেমিক ভবন নির্মাণ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নহলা কালুপাড়া গ্রামে অবস্থিত মাদ্রাসাটির পশ্চিম পাশে রয়েছে ওই পুকুর। দীর্ঘদিন ধরে পুকুরের পাড় সংস্কার না করায় সেখানে ভাঙন দেখা দিয়েছে। ফলে দিন দিন ছোট হয়ে আসছে মাদ্রাসার মাঠ।
এ অবস্থায় মাঠ রক্ষায় দ্রুত গাইডওয়াল নির্মাণসহ প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, পুকুরের ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হলে মাঠের পরিসরও বাড়ানো সম্ভব হবে।
মাদ্রাসার টিআর সদস্য ও সহকারী শিক্ষক (গণিত) আনোয়ার হোসেন বাবু বলেন, মাদ্রাসার তিন পাশে আবাসিক এলাকা রয়েছে। পশ্চিম পাশে পুকুরের ভাঙনে মাঠের বেশ কিছু জায়গা বিলীন হয়ে গেছে। ওই অংশে প্রয়োজনীয় সংস্কার করা হলে মাঠের পরিসর আরও ১৫ থেকে ২০ ফুট বাড়ানো সম্ভব হবে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মোজাফফর হোসেন বলেন, শিক্ষার মান, ফলাফল ও শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে প্রতিষ্ঠানটি এলাকায় সুনাম অর্জন করেছে। শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে মাঠ সংস্কার জরুরি। এ জন্য তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাজ্জাদুল ইসলাম শাহীন বলেন, সম্প্রতি প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু নতুন একটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অল্প সময়ের মধ্যেই ভবনটির নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় পুকুরের ভাঙন রোধ ও মাঠ সংস্কার করা অত্যন্ত জরুরি।
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন বলেন, মাদ্রাসার মাঠের সমস্যার বিষয়টি তিনি শুনেছেন। লিখিত আবেদন পেলে বিষয়টি পর্যালোচনা করে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
এফপি/মিব