কক্সবাজারের উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবা বড়িসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার পালংখালী সীমান্তের মিজানের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উখিয়ার ৮ নম্বর বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের বি ব্লকের বাসিন্দা মো. মোক্তার হোসেনের ছেলে জোবায়ের (২০) এবং ৭ নম্বর কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের ই ব্লকের বাসিন্দা মো. ওলি হোসেনের ছেলে রহিম মোল্লা (২৮)।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় মিয়ানমার দিক থেকে দুই ব্যক্তিকে পোঁটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাদের সন্দেহ হয়। বিজিবি সদস্যরা তাঁদের থামার সংকেত দিলে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাঁদের আটক করেন।
পরবর্তী সময়ে আটক ব্যক্তিদের সঙ্গে থাকা তিনটি পোঁটলা তল্লাশি করে ১৪টি কার্টনে ১ লাখ ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ইয়াবাগুলো খাকি রঙের প্যাকেটে মোড়ানো ছিল।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানিয়েছেন। উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তা।
এফপি/মিব