খুলনার দৌলতপুরে ইজিবাইক চালক রনিকে অস্ত্রের মুখে অপহরণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি এবং আরমান বাহিনীর সক্রিয় সদস্য হোসেন ঢালীকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-১২-এর যৌথ দল। গতকাল (১৬ নভেম্বর) সন্ধ্যার পর সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বাঁখুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হোসেন ঢালী খুলনা মহানগরীর তেলীগাতী এলাকার তরিকুল ঢালীর ছেলে।
এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ জানান, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আটক এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এসআরবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ ও এসআরবি-১২-এর একটি যৌথ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বাঁখুয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় খুলনার দৌলতপুর থানায় দায়ের করা চাঞ্চল্যকর ইজিবাইকচালক রনি হত্যা মামলার তদন্তে পাওয়া সন্দেহভাজন আসামি হোসেন ঢালীকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মনিরুল ইসলাম রনি পেশায় একজন ইজিবাইকচালক ছিলেন। গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা খুঁটির ব্রিজসংলগ্ন পাকা সড়ক থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা অস্ত্রের মুখে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়।
এরপর গত ২৬ আগস্ট দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা কার্তিককূল এলাকার একটি বিল থেকে রনির ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের মা নাছিমা বেগম বাদী হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার হোসেন ঢালীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এফপি/মিব