চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়ন। আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ১ জন শিশু রয়েছে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৬১/৭-এস থেকে আনুমানিক ১ দশমিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর বাজারের মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেন বিজিবি সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মিরপুর গ্রামের অরম কৃষ্ণ বাড়ৈর ছেলে অসীম বরণ বাড়ৈ (৫২), কুমিল্লা জেলার তুলাতলী গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. শারিয়ার (২৩), একই জেলার বিরলী গ্রামের মফিজ মজুমদারের ছেলে জাফরান মজুমদার (২৩) এবং মানিকগঞ্জ জেলার বাস্তা গ্রামের মৃত সন্তোষ কুমারের ছেলে শ্যামল কুমার সরকার (৪৮)।
এ ছাড়া আটক ব্যক্তিদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে। তবে তাদের নাম-পরিচয় প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। আটক ৯ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তর করেছে বিজিবি।
এফপি/মিব