বঙ্গোপসাগরের কোলঘেঁষে সুন্দরবনের দুবলারচরে ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে তীর্থযাত্রীদের যাতায়াতের জন্য পাঁচটি নির্ধারিত নৌপথ ঘোষণা করেছে সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগ। আগামী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হবে। তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষায় বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বন বিভাগ।
পূর্ব বন বিভাগ সূত্রে জানা গেছে, রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে শুধু সনাতন ধর্মাবলম্বীরা অংশ নিতে পারবেন। তীর্থযাত্রীদের লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও দেশীয় নৌযানে নির্ধারিত পাঁচটি নৌপথের যেকোনো একটি ব্যবহার করে দুবলারচরে যাতায়াত করতে হবে। পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ, নৌপুলিশ, র্যাব ও কোস্টগার্ডের সদস্যরা সার্বক্ষণিক টহল ও নজরদারিতে নিয়োজিত থাকবেন।
বন বিভাগ ঘোষিত পাঁচটি নির্ধারিত নৌপথ হলো—
১. বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলারচর।
২. কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, সেখান থেকে শিবসা নদী ও মরজাত হয়ে দুবলারচর।
৩. নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী দিয়ে দুবলারচর।
৪. ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলারচর।
৫. বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলারচর।
চাঁদপাই স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ জানান, বন বিভাগের নির্দেশনা অনুযায়ী আগামী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিন তীর্থযাত্রীদের সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। যারা রাসমেলায় যাবেন, তাদের জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করতে হবে। নির্ধারিত প্রবেশপথে নৌযানের প্রবেশ ফি, অবস্থান ফি এবং যাত্রীর সংখ্যা অনুযায়ী বিধি মোতাবেক রাজস্ব পরিশোধ করে অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। প্রতিটি অনুমতিপত্রে সিল দিয়ে নির্দিষ্ট নৌপথ উল্লেখ করা থাকবে। তীর্থযাত্রীরা তাঁদের পছন্দ অনুযায়ী যেকোনো একটি নৌপথ ব্যবহার করতে পারবেন।
তিনি আরও জানান, রাসমেলায় অংশগ্রহণকারীদের আগামী ২২ নভেম্বর দিনের ভাটার সময় যাত্রা শুরু করতে হবে। নির্ধারিত নৌপথে নৌযান শুধু দিনের বেলায় চলাচল করতে পারবে। বন বিভাগের চেকপোস্ট ছাড়া অন্য কোথাও লঞ্চ, ট্রলার বা নৌকা থামানো যাবে না। প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট অথবা লাইফ বয়া রাখা বাধ্যতামূলক। নৌযানের গায়ে রং বা স্টিকারের মাধ্যমে বি, এল, সি ও সিরিয়াল নম্বর এবং তীর্থযাত্রীর সংখ্যা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক পুণ্যার্থীকে একটি করে টিকিট বা টোকেন দেওয়া হবে। সুন্দরবনের অভ্যন্তরে অবস্থানকালে তা সঙ্গে রাখা বাধ্যতামূলক। এ ছাড়া প্রতিটি লঞ্চ, নৌকা ও ট্রলারকে আলোরকোলে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে বাধ্যতামূলকভাবে রিপোর্ট করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিরাপত্তার স্বার্থে সুন্দরবনে প্রবেশের সময় যেকোনো ধরনের বিস্ফোরকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, গাছ কাটার কুড়াল, করাতসহ অন্যান্য অবৈধ সরঞ্জাম বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, এবারের রাসমেলায় পরিবেশ সুরক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস ও চামচ বহন নিষিদ্ধ করেছে বন বিভাগ। পাশাপাশি লঞ্চ, ট্রলার, নৌকা ও পুণ্যস্নানস্থলে মাইক বাজানো, পটকা বা বাজি ফোটানোসহ সব ধরনের শব্দদূষণমূলক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।
তিনি আরও জানান, সুন্দরবনে প্রবেশের সময় তীর্থযাত্রীদের জাতীয় পরিচয়পত্র অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া সনদপত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে।
আসন্ন রাসপূর্ণিমা উৎসবে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তীর্থযাত্রীদের সংশ্লিষ্ট ফরেস্ট স্টেশনে প্রচলিত হারে রাজস্ব পরিশোধ করে বন বিভাগের সব নির্দেশনা মেনে চলতে হবে। এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এফপি/মিব