শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের তারাগঞ্জ মধ্য ও দক্ষিণ বাজারে বাজার মনিটরিং অভিযান চালিয়ে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন শেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
অভিযান সূত্রে জানা গেছে, শহরের নিলামপট্টি এলাকার দে মিষ্টান্ন ভাণ্ডারে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মূল্যতালিকা না থাকায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।
অন্যদিকে, দক্ষিণ বাজারের হোটেল শারমিনে দইয়ের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা, দইয়ের কোনো লেবেল না থাকা এবং বিক্রির জন্য রাখা লবণে আয়োডিন না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া রেজাউলের জিলাপি ও গুলগুলির দোকানকে ২ হাজার টাকা এবং আব্দুল হালিমের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি পৌরশহরের মধ্যবাজারের বিভিন্ন প্রসাধনসামগ্রীর দোকান পরিদর্শন করে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল প্রসাধনী বিক্রি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযানে নালিতাবাড়ীর স্যানিটারি ইন্সপেক্টর মো. সুলতান মাহমুদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। অভিযান শেষে সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/মিব