খুলনার রূপসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে দুইজনকে আটক করেছে এসআরবি-৬। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে জেলার রূপসা উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের জাবুসা গ্রামসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাগেরহাটের ফকিরহাট থানার ছোট খাজুরা এলাকার মো. ওহিদ শেখের ছেলে মো. হোসাইন শেখ এবং একই এলাকার নজরুল শেখের ছেলে তামিম শেখ।
এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর সদর কোম্পানির একটি টহল দল নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হুসাইন রাজুর নেতৃত্বে ওই এলাকায় যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘন করে গাঁজা সেবনের অভিযোগে দুজনকে আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
এসআরবি-৬-এর অধিনায়ক আরও বলেন, মাদকের অপব্যবহার ও অবৈধ মাদকদ্রব্যের বিস্তার রোধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-৬ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে সদর কোম্পানির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এফপি/মিব