নওগাঁর রাণীনগরে নিখোঁজের প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি সানজিদা সানু (১৬) নামের এক কিশোরীর। মেয়ের কোনো খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকায় উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের। নিখোঁজ সানজিদা উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামের প্রবাসী শেখের আলী সরদারের মেয়ে।
সানজিদার মা মোছা. মুক্তি বিবি জানান, গত ৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে পারিবারিক কাজে আবাদপুকুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সানজিদা। এরপর থেকে সে আর বাড়িতে ফেরেনি। আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, মেয়ের নিখোঁজের পর থেকে পরিবারের সবাই উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। আড়াই মাস পেরিয়ে গেলেও মেয়ের কোনো খোঁজ না পেয়ে তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন। প্রশাসনের কাছে দ্রুত সানজিদাকে খুঁজে বের করার অনুরোধ জানিয়েছেন তিনি। সানজিদার সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, মেয়েটির পরিবার থানায় এসেছিল। পুলিশের পক্ষ থেকে তাকে উদ্ধারের চেষ্টা করা হয়েছে। তবে এখনো সন্ধান পাওয়া যায়নি। তার পরিবার সম্ভবত আদালতে মামলা করেছে। বিষয়টি পিবিআই তদন্ত করছে।
এফপি/মিব