জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন, কোনো কিছুই বরদাশত করা হবে না। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
এরই ধারাবাহিকতায় দেশের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় মোট ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে গোপালগঞ্জে ৮ প্লাটুন, গাজীপুরে ৬ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সৃষ্ট শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এ বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের জানমালের সুরক্ষায় সমন্বিতভাবে কাজ করছেন মোতায়েন করা সদস্যরা।
গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার মোতায়েন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের সরাসরি নির্দেশনায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ও সুশৃঙ্খল আনসার ব্যাটালিয়ন সদস্যরা সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টে দায়িত্ব পালন করছেন। কেপিআই-ভুক্ত স্থাপনাসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা নির্ধারিত স্থানে স্ট্যাটিক ডিউটি পালন করছেন। পাশাপাশি প্রধান সড়ক ও মহাসড়কে নিয়মিত টহলের মাধ্যমে যানবাহন ও জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে ভূমিকা রাখছেন। সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট এলাকাগুলোতে তাঁদের সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে।
গাজীপুরে ৬ প্লাটুন আনসার মোতায়েন
মাঠপর্যায়ে নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করতে মোতায়েন করা সদস্যদের দায়িত্ব পালনের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও কার্যকর সমন্বয় বজায় রাখার পাশাপাশি তাঁরা নিরাপত্তাব্যবস্থার অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করছেন। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন।
নারায়ণগঞ্জে ৪ প্লাটুন আনসার মোতায়েন
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই। সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনকারী আনসার ব্যাটালিয়ন সদস্যরা যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা ও অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত রয়েছেন। জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বদ্ধপরিকর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।