Dhaka, Tuesday | 17 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 17 November 2026 | English
শিরোনাম:

ভেদরগঞ্জে কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি, এলাকায় চাঞ্চল্য

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:৫৬ পিএম  (ভিজিটর : ৩৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে কবর খুঁড়ে ফাহিমা নামে এক শিশুর মরদেহ চুরির অভিযোগ উঠেছে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচর মমতাজউদ্দিন মাহমুদ কান্দি এলাকার একটি কবরস্থানে এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে বিষয়টি জানাজানি হলে শিশুটির স্বজনেরা কবরস্থানে গিয়ে কবর খোঁড়া এবং ভেতরে মরদেহ না থাকার বিষয়টি দেখতে পান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফাহিমা ওই এলাকার বাসিন্দা গোলাম হোসেন খালাসীর মেয়ে। তার বয়স ছিল ১ বছর ১ মাস। গত ২৩ অক্টোবর পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়। পরে তাকে ছুরিরচর এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শিশুটির মা শাহাজান বেগম বলেন, ‘আমার মেয়ে পানিতে পড়ে মারা যাওয়ার পর তাকে এই কবরে দাফন করি। গতকাল সন্ধ্যায়ও হুজুর দিয়ে মেয়ের জন্য দোয়া করিয়েছি। আমরা মাঝেমধ্যে কবরের কাছে এসে দোয়া করি। মেয়েকে হারানোর কষ্ট এমনিতেই সহ্য করতে পারছি না। এখন আবার মেয়ের মরদেহও চুরি হয়ে গেছে। আমরা আমাদের মেয়ের মরদেহ ফেরত চাই।’

স্থানীয় বাসিন্দা মোকবিল হোসেন বলেন, ‘দাফনের দুই মাস পূর্ণ হওয়ার আগেই কবর থেকে শিশুটির মরদেহ গায়েব হয়ে গেছে। আমাদের ধারণা, কোনো কবিরাজ মরদেহটি নিয়ে যেতে পারে। এর আগেও গত দুই বছরে এই কবরস্থান থেকে আরও দুটি মরদেহ চুরির ঘটনা ঘটেছে। সেগুলোরও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।’

উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন আসামী বলেন, ছুরিরচর এলাকায় কবর থেকে মরদেহ চুরির বিষয়টি তিনি জানেন না। বর্তমানে তিনি ঢাকায় রয়েছেন। ঘটনাটি মর্মান্তিক উল্লেখ করে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, তাঁরা ঘটনাটি জানতে পেরেছেন। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝