প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম (ভিজিটর : ৭৯)
ডিজাইনঃ দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট
খুলনার পাইকগাছায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাবিহা মোস্তফা রথি (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মো. হাফিজুর রহমানের স্ত্রী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পরিবার সূত্রে জানা যায়, এক সপ্তাহেরও বেশি সময় ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন সাবিহা মোস্তফা রথি। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনার বেসরকারি ক্লিনিক হেলথ কেয়ারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্বামী, ১৩ ও ৭ বছর বয়সী দুই ছেলেসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার বাবা গোলাম মোস্তফা লাল ও মা রহিমা বেগম। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।