শেরপুরের নালিতাবাড়ীতে বটগাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক নারীকে মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আরিফ মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার নন্নী অভয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বটগাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে ১৬ সেপ্টেম্বর লাকি আক্তার (২৭) নামে এক নারীকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাকে লোহার রড, গাছের ডাল ও মাছ ধরার কুচ দিয়ে আঘাত করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় লাকি আক্তার বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করেন। মামলায় আরিফ মিয়া ছাড়াও শাহিন মিয়া (২৭) ও আরিফ মিয়ার স্ত্রী উম্মে হানি (২৭)কে আসামি করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, মামলার এজাহারভুক্ত আসামি আরিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
এফপি/র