Dhaka, Thursday | 24 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 24 September 2026 | English
শিরোনাম:

কক্সবাজারের অপরাধের মূলে মাদক: পার্বত্যমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম  (ভিজিটর : ১৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারে সংঘটিত বিভিন্ন অপরাধের পেছনে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন জেলার দায়িত্বপ্রাপ্ত ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তিনি বলেছেন, মাদক শুধু কক্সবাজারের সমস্যা নয়, এটি সারা দেশের বড় একটি সমস্যা। মাদকের বিস্তার রোধে সরকার কাজ করছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, ‘কক্সবাজারে যত অপরাধ সংঘটিত হচ্ছে, তার সবকিছুর মূলে রয়েছে মাদক। মাদক শুধু কক্সবাজারের নয়, সারা দেশের একটি ইস্যু। কক্সবাজারের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অপরাধের সঙ্গেও মাদকের সংশ্লিষ্টতা রয়েছে। মাদক নির্মূলে সরকার কাজ করছে।’

তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা আরও সুদৃঢ় করতে হবে।

জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না ও পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের সমন্বয় ও তদারকি নিয়ে আলোচনা হয়।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে মহল্লায় মহল্লায় মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠন করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল ও যানবাহনের সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝