কক্সবাজারের উখিয়ায় ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বিকেলে পালংখালী সীমান্তের আনজুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—উখিয়ার মুছারছড়া গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে আবুল কাসেম (২৩), আনজুমানপাড়া গ্রামের সৈয়দ হোসেনের ছেলে নয়ন মনি (২০) এবং একই গ্রামের রমজান আলীর ছেলে তারেক মিয়া (২০)।
বিজিবি জানায়, আটক তিনজনকে সন্ধ্যায় উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, বিকেল ৫টার দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল আনজুমানপাড়া পানির পয়েন্টের পূর্ব পাশে তিনজনকে পোটলা হাতে মিয়ানমারের দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। সন্দেহ হওয়ায় তাঁদের থামার সংকেত দেওয়া হলে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন।
তল্লাশি চালিয়ে তাঁদের বহন করা পোটলা থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের তিনটি কার্টনে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
বিজিবির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।