Dhaka, Saturday | 26 September 2026
         
English Edition
   
Epaper | Saturday | 26 September 2026 | English
শিরোনাম:

আনসারের সততা ও দায়িত্বশীলতায় বিমানবন্দরে ২৮ লাখ টাকার সিরিঞ্জ উদ্ধার

প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৯ পিএম  (ভিজিটর : ৭)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যদের সতর্কতা ও দায়িত্বশীলতায় ২৮ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩০০ পিস ইনসুলিন সিরিঞ্জ আটক করা হয়েছে। এ ঘটনায় এক নারী যাত্রীকে আটক করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিমানবন্দরের ৫ নম্বর হেভি লাগেজ গেটে চীনগামী ওই নারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বে থাকা ইনচার্জ পিসি মো. দুলন মিয়া ও এপিসি গোলাম রাব্বানী বিষয়টি লক্ষ্য করেন। পরে তাদের নির্দেশনায় মহিলা আনসার সদস্য মোছা. শাহেদা ও শ্রী আলো যাত্রীর দেহ তল্লাশি করেন। এ সময় ওই যাত্রী তাদের ৫ হাজার টাকা উৎকোচ দেওয়ার চেষ্টা করলে আনসার সদস্যরা তা প্রত্যাখ্যান করেন।

পরবর্তীতে এভসেক কর্তৃপক্ষ, শিফট টিআই জায়েদ হোসেন এবং শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনের উপস্থিতিতে ওই যাত্রীর দেহ তল্লাশি করে ১ হাজার ৩০০ পিস ইনসুলিন সিরিঞ্জ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রতিটি সিরিঞ্জের আনুমানিক বাজারমূল্য ২ হাজার ২০০ টাকা হিসেবে মোট মূল্য প্রায় ২৮ লাখ ৬০ হাজার টাকা।

এভসেক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উদ্ধার করা মালামালসহ ওই নারী যাত্রীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিফট টিআই জায়েদ হোসেন ও শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনের নেতৃত্বে কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় যাত্রী নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ ও শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যরা সতর্কতা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। উৎকোচের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিপুল পরিমাণ মালামাল আটকের এ ঘটনা তাদের দায়িত্বনিষ্ঠারই প্রতিফলন।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝