ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ দ্রুত শেষ করতে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে সেতু বিভাগ। বৈঠকে প্রকল্পের অর্থায়ন, নির্মাণকাজের অগ্রগতি এবং অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার বিষয়ে আলোচনা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সেতু ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
বৈঠকে জানানো হয়, প্রকল্পের অর্থায়ন দ্রুত চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। এরই মধ্যে চীনের শ্যানডং প্রদেশের দুটি শীর্ষস্থানীয় ব্যাংক প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
সভায় আগামী ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জ পার্কসংলগ্ন উড়ালপথে ওঠার অংশের নির্মাণকাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করতে অতিরিক্ত জনবল নিয়োগ এবং সময়ভিত্তিক পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরির তাগিদ দেওয়া হয়েছে।
এ ছাড়া টোল আদায় কেন্দ্রে যান চলাচল নির্বিঘ্ন করতে বেতার শনাক্তকরণ প্রযুক্তিভিত্তিক স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থা দ্রুত চালুর উদ্যোগ নিতে চীনা প্রতিনিধিদলকে অনুরোধ করা হয়।
সেতু সচিব বলেন, প্রকল্পের সুফল ঢাকাবাসীর কাছে দ্রুত পৌঁছে দিতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। কাজের গতি বাড়াতে প্রকল্প এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় নীতিগত ও পরিচালনাগত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
উল্লেখ্য, কাওলা থেকে কুতুবখালী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল উড়ালসড়কের দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। সংযোগকারী ওঠানামার পথসহ প্রকল্পটির মোট দৈর্ঘ্য ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার।
এফপি/অ