বরগুনার পাথরঘাটায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মাছ ধরার নৌকা ও একটি পণ্যবাহী আচ্ছাদিত যানসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার পাথরঘাটা থানার কাকচিরা ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি মাছ ধরার নৌকা ও একটি পণ্যবাহী আচ্ছাদিত যানে তল্লাশি চালানো হয়। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১৩ হাজার ৫০৭টি ভারতীয় শাড়ি ও ১ হাজার ৪৬৬টি ভারতীয় পাঞ্জাবি জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত নৌকা ও যানসহ পাঁচজনকে আটক করা হয়।
পরে জব্দ করা পণ্য, নৌকা ও যান এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা জানান, চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/অ