রাজবাড়ীর গোয়ালন্দে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হবি সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) শিশুটির বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। পরে পুলিশ মামলার একমাত্র আসামি হবি সরদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
গ্রেপ্তার হবি সরদার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওমেদ আলী সরদারপাড়ার মৃত ওমেদ আলী সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে বাড়ি ফাঁকা থাকার সুযোগে প্রতিবেশী শিশুটিকে নিজের ঘরে ডেকে নেওয়ার পর ধর্ষণের অভিযোগ ওঠে হবি সরদারের বিরুদ্ধে।
ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছিল বলে জানা গেছে। বুধবার সকালে স্থানীয়রা সালিশে বসে বিষয়টি রফাদফার চেষ্টা করেন। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত হবি সরদারকে গ্রেপ্তার করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, শিশুকে ধর্ষণের অভিযোগে বুধবার থানায় মামলা হয়েছে। মামলার একমাত্র আসামি হবি সরদারকে গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।