প্লাস্টিক দূষণ প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে মোংলায় আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) ‘ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ টুওয়ার্ডস সাসটেইনেবল প্লাস্টিক ইউজ অ্যান্ড মেরিন লিটার প্রিভেনশন ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় কর্মসূচির আয়োজন করা হয়। সহ-আয়োজক ছিল পশুর রিভার ওয়াটারকিপার, বিডি ক্লিন ও প্রথম আলো বন্ধুসভা।
সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক আসাদুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী।
আলোচনা সভায় বক্তব্য দেন জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার ন্যাশনাল কনসালটেন্ট মো. মহিদুল ইসলাম, সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপারের মো. নূর আলম শেখ এবং প্রথম আলো বন্ধুসভার ধীমান মণ্ডল।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শারমিন আক্তার সুমী প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরেন। স্বাগত বক্তব্যে ইউনিডো বাংলাদেশের ন্যাশনাল কনসালটেন্ট মো. সহিদুল ইসলাম (সিয়াম) প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরেন এবং পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনযাপন ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক আসাদুর রহমান পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসন, প্রতিষ্ঠান ও জনগণের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ইউএনও শারমিন আক্তার সুমীর নেতৃত্বে উপস্থিত সবাই পরিবেশ পরিচ্ছন্নতা বিষয়ে শপথ নেন
আলোচনা সভা শেষে ইউএনও শারমিন আক্তার সুমীর নেতৃত্বে উপস্থিত সবাই পরিবেশ পরিচ্ছন্নতা বিষয়ে শপথ নেন এবং অঙ্গীকার বোর্ডে স্বাক্ষর করেন। পরে একটি সচেতনতামূলক র্যালি মোংলা শহর প্রদক্ষিণ করে মেরিন ড্রাইভ রোডে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে তিন শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জানে আলম বাবু। এফপি/র