রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার ও মিরপুর-১ এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, স্থাপনা ও হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়ন (৪১ বিএন)-এর ৩০ সদস্য দায়িত্ব পালন করেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ডিএনসিসি প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে অভিযান শুরু হয়। ফার্মগেট থেকে জিয়া উদ্যান, সংসদ ভবন, কারওয়ান বাজার, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন, পাইকপাড়া হয়ে মিরপুর-১ সংলগ্ন এলাকায় সড়ক ও ফুটপাতের উভয় পাশে অভিযান চালানো হয়।
অভিযানে অনুমোদনবিহীন বিজ্ঞাপনী বিলবোর্ড ও ইউনিপোল সাইন অপসারণের পাশাপাশি সড়ক ও ফুটপাত দখল করে স্থাপিত বিভিন্ন দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযান পরিচালনায় ৩০ জন আনসার সদস্যের মধ্যে ১০ জন সশস্ত্র সদস্য ছিলেন। পরিচালক (৪১ বিএন) মো. জানে আলম সুফিয়ানের নির্দেশনায় কোম্পানি কমান্ডার মো. ইমাম মেহেদির নেতৃত্বে তারা দায়িত্ব পালন করেন। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৮ সদস্যও অভিযানে দায়িত্বে ছিলেন।
অভিযান চলাকালে রাষ্ট্রীয় কাজে অসহযোগিতার অভিযোগে ফার্মগেট এলাকা থেকে তিনজনকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আটক করা হয়। পরে বিধি অনুযায়ী দুজনকে ১০ হাজার টাকা করে এবং অপরজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সংশ্লিষ্টদের সমন্বিত তৎপরতায় অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং সরকারি কার্যক্রম নির্বিঘ্নে বাস্তবায়নে বাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন।
এফপি/র