কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যায়।
এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. ইব্রাহীমের বাড়ি থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে বান্দরবানের লামার সাতজন এবং কক্সবাজারের বিভিন্ন উপজেলার ১০ জন রয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে একটি মানবপাচারকারী চক্র তাঁদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর জন্য সেখানে জড়ো করেছিল।
উদ্ধার ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক পাচারকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এফপি/অ